কৃষি সময় ডেস্কঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮৪টি বকনা গরু বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এ সব গরু বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় ও এসডিএস এনজিওর যৌথ উদ্যোগে বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়ায়েব মাহবুব ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আনিছুর রহমান।
কৃ/স/জয়