প্রিন্ট এর তারিখঃ Aug 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

রংপুর সংবাদদাতাঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় উজানের ঢলে আসা বালুতে ঢাকা পড়েছে কৃষকদের আমন ধানের ক্ষেত। এখানকার দুটি চরের অন্তত ৩ শতাধিক কৃষকের জমি বালুতে ঢাকা পড়েছে। এতে তারা চরম বিপাকে পড়েছেন।
জানা যায়,উজানের ঢলে গঙ্গাচড়ার দুর্গম চরাঞ্চল চরবাগডোহরা আমন ধানের চাষাবাদ করেছিলেন স্থানীয় কৃষকরা। কিন্তু টানা বৃষ্টি আর উজানের ঢলে পানিরে সাথে বালু ছড়িয়ে পড়ে ধানের জমিতে। পানি নেমে যাওয়ার পর এখন ধানের জমিতে বালুর স্তর জমা হয়েছে। এর নিচে পড়ে গেছে লাগানো ধান। অনেক জমিতে এমন অবস্থায় লাগানোর ধানে পঁচন ধরেছে।
এভাবে তিস্তার উজানের ঢলে আসা বালুতে ঢাকা পড়েছে দুটি চরের অন্তত তিন শতাধিক কৃষকের রোপা আমনের ক্ষেত।
চরাঞ্চলের খেয়াঘাটে নেমে দেখা যায়, বন্যার পানি নেমে গেছে। স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধে চোখে পড়ে শুধুই বালুর আস্তরণ। বাঁধের পূর্বদিকে বেশ কিছু কৃষক নিজেদের ক্ষেতে বসে হাত দিয়ে বালুর ভেতর থেকে ধানের চারা বের করার চেষ্টা করছিলেন।
চারবাগডোহরার শফিয়ার রহমান মাসখানেক আগে ছয় বিঘা জমিতে আমনের চারা রোপণ করেছিলেন। তরতাজা হয়ে উঠেছিল ধানের চারাগুলো। তিন দিন আগে উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পায়। পরদিন পানি নেমে গেলেও ঢলের সঙ্গে আসা বালুতে ঢাকা পড়ে যায় তার ধানক্ষেত।
এই চরাঞ্চলের কৃষকরা জানান,এবার দফায় দফায় তিস্তার পানি বাড়া-কমার কারণে নদীভাঙন তীব্র আকার ধারণ করে। গত এক সপ্তাহের ব্যবধানে চরবাগডোহরা এলাকার মানুষের ঘরবাড়িসহ প্রায় ৫০০ বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে। আরও অন্তত ১৫টি পরিবার হুমকির মুখে পড়ে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। এ ছাড়া চিলাখাল ও বাগডোহরা এলাকায় ৩০০ বিঘা আমন ধানের ক্ষেত ঢলের পানিতে আসা বালুতে ঢাকা পড়েছে। যেসব ক্ষেত থেকে ধান পাওয়ার কোনো সুযোগ নেই। কমপক্ষে ৩০০ কৃষক এমন ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও জানালেন তারা।
গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন জানান, ঢলের সঙ্গে আসা বালুতে কিছু জমির ধানের চারা ঢাকা পড়েছে। তবে প্রকৃত তথ্য নেই তাদের কাছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়